সিলেটে
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিলেটে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিনগত রাতে নগরের তালতলা এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা উপজেলার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) ও ছাতক উপজেলার মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই। দীপ্ত দাস সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলটি শেখঘাট এলাকা থেকে তালতলা মোড়ের দিকে যাচ্ছিল। পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার শব্দ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































