শেরপুরে বাবার হাতে মেয়ে খুন

শেরপুরের নকলায় নিজ কন্যা মরিয়ম আক্তারকে (৬) গলা টিপে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। বড় মেয়েকে হত্যার পর ছোট মেয়ে মিমের (৪) গলা চেপে ধরায় সেও গুরুতর আহত হয়।
রবিবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযোগে শিশুদের বাবা বাবুল মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরবসন্তী এলাকার বাবুল মিয়ার সাথে তার স্ত্রীর দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধের জেরে বাবার বাড়ি চলে যান স্ত্রী। বাবুল মিয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকেন। রবিবার সকালে নিজ বাড়িতে আসার পর হঠাৎ তার শিশুদের সঙ্গে রাগারাগির এক পর্যায়ে গলা টিপে ধরেন বাবুল মিয়া। বড় মেয়েকে হত্যার পর ছোট মেয়েকে গলা টিপে ধরতে গেলে ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে। পরে ওই দুই শিশুকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মরিয়মকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































