শ্রীপুরে বাস দুর্ঘটনা চালকের হাত বিচ্ছিন্ন, আহত ১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:৩২
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এ ঘটনায় বাসের সহকারী চালকের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এমবিবিএস ২৭তম ব্যাচের ১০৩ জন শিক্ষার্থী একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে শ্রীপুরে যাচ্ছিলেন। বাসটি বৃন্দাবন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের সামনের অংশে থাকা সহকারী চালক গুরুতর আহত হন এবং তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন।

শিক্ষার্থীদের দাবি, ট্রেনিংয়ের কথা বলে ভাড়া ও বাসের খরচ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হলেও যাতায়াতের জন্য দেওয়া হয়েছিল অত্যন্ত নিম্নমানের ও জরাজীর্ণ একটি বাস।

এছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বাসের চালক মাদকাসক্ত ছিলেন এবং তার বেপরোয়া ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিক্ষকরা সঙ্গে থাকা সত্ত্বেও কেন চালকের আচরণ বা বাসের যান্ত্রিক ত্রুটি আগেভাগে যাচাই করা হয়নি, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ শুরু হয়।

এ ঘটনায় এখনো পর্যন্ত গণস্বাস্থ্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী চালক এবং কর্তৃপক্ষের অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনশক্তি সহযোগিতা জোরদারে ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধিদল
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
বিশ্বে পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার দ্বিতীয় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা