ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: রেজাউল করিম মল্লিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
রবিবার (১৮ জানুয়ারি) গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা পেশাগত প্রতিবন্ধকতা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কাজের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। ডিআইজি রেজাউল করিম মল্লিক মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
ডিআইজি তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নিতে সকল অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। পাশাপাশি জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পুলিশ–জনগণের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
এ ছাড়া তিনি পুলিশের ইমেজ বৃদ্ধিতে পেশাদার আচরণ, শৃঙ্খলা ও সেবামুখী কার্যক্রম জোরদারের দিকনির্দেশনা দেন।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, এনএসআইয়ের ডেপুটি ডিরেক্টর, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা পুলিশের সকল কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জরা।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সকল দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































