স্ত্রীর কাছে টাকা রেখে দান হিসেবে গ্রহণ, এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখে পরে সেই অর্থই দান হিসেবে গ্রহণের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সহকারী পরিচালক মো. আকরাম হোসেন ও তাঁর স্ত্রী সুরাইয়া পারভীনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের তদন্তে দম্পতির পরস্পর যোগসাজশে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের অনিয়ম ও অপরাধলব্ধ সম্পদের বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
তদন্তে জানা গেছে, আকরাম হোসেন দুর্নীতির মাধ্যমে অর্জিত ৫৯ লাখ টাকা স্ত্রীর কাছে রাখেন। পরে স্ত্রী সুরাইয়া পারভীন সেই অর্থ নিজের আয়কর নথিতে উল্লেখ করে স্বামীকে দান হিসেবে প্রদান করেন।
দুদকের অনুসন্ধানে আকরাম হোসেন ও তাঁর স্ত্রীর নামে মোট পাঁচ কোটি ২৯ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। আকরামের চাকরির বেতন-ভাতা এবং সুরাইয়া পারভীনের নামমাত্র ব্যবসার আয় বিবেচনায় এ পরিমাণ সম্পদকে অস্বাভাবিক বলে মনে করছে দুদক।
সুরাইয়া পারভীন নিজেকে ‘মেসার্স স্টার ইলেক্ট্রো ওয়ার্ল্ড’-এর মালিক হিসেবে পরিচয় দিয়েছেন। দুদকের তদন্তে তাঁর নামে ৭৯ লাখ ৯৩ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যা আয়কর নথিতে উল্লেখ রয়েছে। এ অর্থের মধ্য থেকে তিনি ৫৯ লাখ টাকা স্বামীকে উপহার বা দান হিসেবে দিয়েছেন।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ২১ মে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে আকরাম হোসেন ও সুরাইয়া পারভীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু।
(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































