উত্তরায় গৃহকর্মী খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও অর্থ লুট, প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৬
অ- অ+

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বাসায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বামী-স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় থাকা গৃহবধূর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির সি-৫ ফ্ল্যাটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন ও তার স্ত্রী ওই ফ্ল্যাটের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তিন দিন আগে নিয়োগ পাওয়া এক গৃহকর্মী খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের অচেতন করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

বাড়ির ম্যানেজার রফিকুল ইসলাম জানান, তিনি প্রায় ১৬ বছর ধরে ওই ভবনে কর্মরত। তার ভাষ্য অনুযায়ী, ভবনের ময়লা অপসারণের দায়িত্বে থাকা রবিন নামের এক আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মাধ্যমে ওই নারী কাজের সন্ধানে এসে পরিচিত হয় এবং পরে তাকে বাসায় কাজ দেওয়া হয়।

ঘটনার পর আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে গৃহবধূর জ্ঞান না ফেরায় তার মৃত্যু হয়। বর্তমানে আনোয়ার হোসেন রাজধানীর লুবানা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্ত গৃহকর্মীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ সংগ্রহে সহায়তা করেছেন ক্রাইম রিপোর্টার মনজুর হালিম। সফটওয়্যার সমস্যার কারণে তিনি হার্ডডিস্ক খুলে পিবিআই ও সিআইডির তদন্তের জন্য মরহুমার ছোট ছেলের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশে শূন্য পদে আগে ২৮-২৯তম বিসিএসের কর্মকর্তাদের পদায়ন জরুরি
আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশের ৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা