শব্দঘর ঈদসংখ্যা ২০২৬ প্রকাশনা উপলক্ষে ইফতার ও আড্ডার আয়োজন অনুষ্ঠিত

সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা শব্দঘর–এর ঈদসংখ্যা ২০২৬ প্রকাশনা উপলক্ষে ইফতার ও আড্ডার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ১৩তম জন্মদিনও উদযাপন করা হয়।
আজ সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও ইফতারের পাশাপাশি কেক কেটে শব্দঘরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রায় শতাধিক কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করে ‘ধানমন্ডি আড্ডা’।
অনুষ্ঠানের প্রথম পর্বে শব্দঘর ঈদসংখ্যা ২০২৬ নিয়ে পর্যালোচনা করেন সৈকত হাবিব, স্বপন নাথ, এলহাম হোসেন, হরিশংকর জলদাসসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূর কামরুন নাহার ও মনি হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শব্দঘরের সম্পাদক কথাশিল্পী ও মনোচিকিৎসক মোহিত কামাল। তিনি উপদেষ্টা পর্ষদসহ পত্রিকার সঙ্গে যুক্ত সবার পরিচিতি তুলে ধরেন এবং দীর্ঘ সময় ধরে একটি সাহিত্য-সংস্কৃতির পত্রিকা টিকিয়ে রাখতে যাঁরা লেখা ও বিভিন্নভাবে সহায়তা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে পাঠকদেরও ধন্যবাদ জানান তিনি।
বক্তব্যে মোহিত কামাল শব্দঘরের লোগোর তাৎপর্য ব্যাখ্যা করেন। প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরীর নকশায় তৈরি এই লোগোর প্রশংসা করে তিনি জানান, লোগোর সঙ্গে যুক্ত ‘শুদ্ধ শব্দের নান্দনিক গৃহ’ কথাটি প্রথম কবি মারুফ রায়হান নামফলকে সংযুক্ত করেন।
এবারের ৭০ ফর্মার ঈদসংখ্যায় মোট পৃষ্ঠা সংখ্যা ৫৬০। সংখ্যাটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।
আয়োজকেরা জানান, ঈদের সময় মানুষের জীবনে যে অবকাশ তৈরি হয়, সেই সময়টিতে পাঠের প্রতি আগ্রহও বেড়ে যায়। সেই পাঠকচাহিদা মাথায় রেখেই প্রতি বছর ঈদসংখ্যা প্রকাশ করা হয়। এবারের সংখ্যায় উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, বিশ্বসাহিত্য, মুক্তগদ্য ও অগ্রন্থিত সাক্ষাৎকারসহ নানা রচনা সংযোজিত হয়েছে।
বিশেষভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে একটি দুর্লভ রচনা এবং বিশ্বের প্রথম দার্শনিক উপন্যাসের অনুবাদও স্থান পেয়েছে এই সংখ্যায়।
আয়োজকদের মতে, ঈদ-উৎসবের সঙ্গে সাহিত্যপত্রিকার সম্পর্ক কেবল উৎসবমুখরতার নয়, মানবিক বোধেরও। সাহিত্য মানুষকে নিজের ভেতর তাকাতে শেখায় এবং মানবিক অভিজ্ঞতার ভাষা খুঁজে পেতে সহায়তা করে। বিভাজনের বদলে মিলনের বার্তা ছড়িয়ে দেওয়াই এই সাহিত্যপত্রিকার লক্ষ্য।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ জানুয়ারি ‘শুদ্ধ শব্দের নান্দনিক গৃহ’ প্রতিপাদ্যে যাত্রা শুরু করে শব্দঘর। শুরু থেকেই নবীন ও প্রবীণ লেখকদের সম্মিলনে পত্রিকাটি সাহিত্যপ্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। সময়ের পরিক্রমায় দেশের গণ্ডি পেরিয়ে ভারতের কলকাতাসহ বিশ্বের বিভিন্ন স্থানের পাঠকের কাছেও পৌঁছে গেছে এই সাহিত্যপত্রিকা।
(ঢাকাটাইমস/৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































