ঐতিহ্যের শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ১০টায়, নজরদারিতে ড্রোন-স্নাইপার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ১৯৯তম ঈদ জামাতকে সামনে রেখে দেশের বৃহত্তম এ ঈদগাহে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্র বা শনিবার ঈদ উদযাপিত হতে পারে। এ উপলক্ষে শোলাকিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। এছাড়া স্নাইপার, ড্রোন ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নাঈমুল ইসলাম জানান, পোশাকধারী ও সাদা পোশাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই।
নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছাতা বহনও নিষিদ্ধ করা হয়েছে।
ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ জানান, মাঠ প্রস্তুত, রং করা, অজু ও গোসলের ব্যবস্থা সহ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে।
মুসল্লিদের যাতায়াত সহজ করতে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু থাকবে।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































