জাতীয় ঈদগাহমুখী মুসল্লিদের দীর্ঘ সারি, কড়া নিরাপত্তা

সিয়াম-সাধনার পবিত্র রমজান মাস শেষে শুক্রবার সন্ধ্যায় আকাশে বাঁকা চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে এসেছে খুশির বার্তা। ‘রমজানের ঐ রোজা শেষে এল খুশীর ঈদ’—এই আনন্দঘন আবহে আজ শনিবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। নামাজ আদায়ের লক্ষ্যে সকালের শুরু থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন। কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার মধ্য দিয়ে জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগেই ঈদগাহ ময়দানে প্রবেশ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে সারিবদ্ধভাবে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করছেন। একইভাবে মৎস্যভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে দেখা যায় মুসল্লিদের। ধীরে ধীরে পুরো ঈদগাহ ময়দান ভরে উঠছে নামাজ আদায়ে আগত মানুষের পদচারণায়।
এবারের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে অংশ নেবেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেবেন।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানকে জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে—রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ প্রায় ৩৩০ জন ভিআইপির জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী।
এছাড়া সাধারণ মুসল্লিদের জন্যও ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজার নারীর জন্য আলাদা নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































