তেল নিয়ে বিরোধে নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলায় তেল নেওয়া নিয়ে বিরোধের জেরে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিহাদ মোল্যা (২৭), যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত একটি ফিলিং স্টেশনে গভীর রাতে তেল নিতে আসেন এক ট্রাকচালক ও তার সহযোগী। কিন্তু পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ট্রাকচালক নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে রাতের দিকে নাহিদ সরদার ও তার সহকর্মী মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ফিলিং স্টেশন থেকে অল্প দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি ট্রাক তাদের চাপা দেয়।
ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে নড়াইলে তেলের সংকট চলছে। সীমিত সরবরাহের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা প্রায়ই সংঘর্ষে রূপ নিচ্ছে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত ট্রাকচালক ও গাড়িটি পালিয়ে গেছে। পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। স্থানীয়রা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
(ঢাকাটাইমস/২৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































