দিনাজপুরে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী একটি স্লিপার বাস ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু। অপর নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































