জিসিসি অঞ্চল-২ অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) অঞ্চল-২ (পূবাইল) অফিসের স্থায়ী ও অস্থায়ী অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে অফিসে আসেন না। ফলে অনেক সেবা গ্রহিতা ফিরে যান। এমন অভিযোগ দীর্ঘদিনের।
সরেজমিনে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সোমবার (৩০ মার্চ) সকাল নয়টায় এই প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পান, সরকার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরও অনেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দপ্তরে অনুপস্থিত।
মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রে স্পষ্ট নির্দেশনা রয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জনস্বার্থে সকাল ৯টায় সরাসরি অফিসে উপস্থিত থাকতে হবে এবং অন্তত সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ দপ্তরে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে হবে।
সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধি করাই এই নির্দেশনার উদ্দেশ্য। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই নির্দেশনাকে অনেকেই তোয়াক্কা করছেন না।
সোমবার সকাল ৯টায় গাজীপুর সিটি কর্পোরেশন, অঞ্চল-২ (পূবাইল) অফিসে গিয়ে দেখা যায়, লাইসেন্স শাখা, কর শাখা, জন্ম নিবন্ধন শাখা, প্রশাসন শাখায় কয়েকজন উপস্থিত থাকলেও অনেক অনেক কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ।
সকাল সকাল জন্ম নিবন্ধনের কাজ সারতে এসে অনেক সেবাগ্রহীতাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ ফিরে যান।
৯টা ২০ মিনিটে অফিসে আসেন সহকারী হিসাব রক্ষক ফাইজুল ইসলাম খন্দকার। তিনি জানান, অফিসের কাজে ব্যাংকে গিয়েছিলেন। কিন্তু ব্যাংক সকাল দশটায় খুলে, এত আগে ব্যাংকে গিয়ে কি করলেন তিনি?সরকারি প্রজ্ঞাপনের কথা বলা হলে তিনি নিরুত্তর থাকেন।
হায়দরাবাদ এলাকা থেকে আসা এক সেবাগ্রহীতা বলেন, 'সকাল সকাল একটু কাজ করে চলে যাব ভেবেছিলাম। এসে দেখি অফিসার নাই। এখন কতক্ষণ অপেক্ষা করব? তাই ফিরে যাচ্ছি।'
পূবাইল বাজার থেকে আসা একজন সেবা গ্রহীতা বলেন, 'আমি অল্প সময় ছুটি নিয়ে এসেছি , যদি অফিসার না পাই, তা হলে কষ্টটাই বৃথা যায়।'
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, 'পূবাইলের নির্বাহী কর্মকর্তা আমার সাথে নগর ভবনে মিটিংয়ে ছিলেন। আর অন্যান্য কর্মকর্তা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না থাকেন তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'
জিসিসি অঞ্চল-২, পূবাইল-এর নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, সব কর্মকর্তাকে সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য অবগত করা হয়েছে। যারা সঠিক সময়ে অফিসে অনুপস্থিত তাদের ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/৩১ মার্চ /মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































