দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসিল্যান্ড প্রত্যাহার

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে হেনস্তা করা কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার অফিসে সংযুক্ত হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে প্রত্যাহার করে।
আদেশে বলা হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তা ফয়সাল আল নূরকে সহকারী কমিশনার (ভূমি) থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
বুধবার (১ এপ্রিল) দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন, দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপলের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিম।
সাংবাদিক আব্দুল আলিম বলেন, তার খালাতো বোনের নামজারি নিয়ে এক বছর ধরে ঘোরাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। বুধবার ওই নামজারির শুনানির দিন ছিল। তাকে তিন দিন আগে তার খালাতো বোন ফোন করে উপস্থিত থাকতে বলেন। তিনি মানবজমিনের প্রতিনিধি রাসেলকে নিয়ে বেলা ১১টার দিকে ভূমি অফিসে যান। দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জিজ্ঞেস করেন শুনানিটা আজ হবে কিনা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তেজিত হয়ে খারাপ আচরণ শুরু করেন। পকেট থেকে মোবাইল ফোন বের করে তার খারাপ আচরণের ভিডিও ধারণ করেন রাসেল। এ সময় তার কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে বাধা দেন তিনি। এতে সহকারী কমিশনার (ভূমি) ক্ষিপ্ত হয়ে পুলিশকে ফোন করেন। তাঁর আদেশে তাকে এবং সাংবাদিক রাসেল সরকারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নেওয়ার পর তাঁর কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ছবি এবং ভিডিও ডিলিট করে দেন।
পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন না মর্মে জোর করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়। এ ঘটনার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুসে ওঠে কুমিল্লার সাংবাদিক মহল। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেছিলাম। পরে শুনলাম রাতে তাকে বদলি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































