‘গ্রেপ্তার হলেন ডিবি হারুন’ শিরোনামে ছড়ানো ফটোকার্ড নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রেপ্তার হলেন ডিবি হারুন’ শিরোনামে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড। এতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদের গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করা হয়। তবে অনুসন্ধানে এ তথ্য সঠিক নয় বলে জানা গেছে।
ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার-এর অনুসন্ধানে দেখা যায়, আলোচিত শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত তাদের ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে টেলিভিশনটির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি। পাশাপাশি আসল ফটোকার্ডের সঙ্গে তুলনা করলে শিরোনাম, ফন্ট এবং উপস্থাপনায় অসংগতি দেখা যায়। যেমন—ভুয়া ফটোকার্ডে প্রকাশের তারিখ নেই এবং ‘বিস্তারিত কমিটি’ নামে একটি অপ্রচলিত শব্দ ব্যবহার করা হয়েছে, যা টেলিভিশনটির ফটোকার্ডে থাকে না।
এছাড়া ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও আসল নয়। ছবিটি পর্যবেক্ষণে ব্যক্তিদের অঙ্গভঙ্গি, ত্বকের গঠন ও আশপাশের পরিবেশে অস্বাভাবিকতা দেখা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়।
রিউমার স্ক্যানার জানায়, গুগলের ‘SynthID’ প্রযুক্তি ব্যবহার করে ছবিটি বিশ্লেষণ করলে এতে এআই-নির্ভর সম্পাদনার প্রমাণ পাওয়া যায়। একইভাবে এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’-এর বিশ্লেষণেও ছবিটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
এদিকে, ডিবির সাবেক প্রধান হারুনের সাম্প্রতিক গ্রেপ্তারের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ধারণা করা হয় বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। কারণ, তার স্ত্রী-সন্তানদের আগে থেকেই দেশটির নাগরিকত্ব ছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































