লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে পাওনা টাকা দেওয়ার কথা বলে গভীর রাতে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের দাবি, পাওনা টাকা দেবে বলে এক ব্যক্তি তাকে গভীররাতে মোবাইলফোনে ডেকে নেয়। সকালে তার লাশ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে।
ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোনকল করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেননি ফরহাদ। পরদিন ভোরে ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার লাশ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































