বোয়ালমারীতে শতাধিক অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ

ফুটপাত দখল করে প্রতিনিয়ত জনদূর্ভোগ সৃষ্টিকারি শতাধিক অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে বোয়ালমারী সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
বর্তমান সরকারে নির্দেশনা অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ ঝুপড়ি দোকানঘর উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল পৌনে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পৌর সদরের স্টেশন রোডের বাজার এলাকা থেকে চৌরাস্তা পর্যন্ত এবং ওয়াপদা মোড় থেকে বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপাতের ওপর গড়ে ওঠা অস্থায়ী শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পথচারীদের চলাচলে বাধা ও জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, জনস্বার্থে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আটটি প্রতিষ্ঠানকে জনদুর্ভোগ সৃষ্টি করায় জরিমানা করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































