ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন উইটকফ ও কুশনার। দীর্ঘদিনের উত্তেজনা নিরসন এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) ইরান-এর প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদক সূত্রে জানা যায়, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।
উল্লেখ্য, যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা আজ শনিবার ইসলামাবাদের সেরেনা হোটেল-এ অনুষ্ঠিত হচ্ছে।
(ঢাকাটাইমস/১১ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













