যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সামনে: গাজায় নতুন হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, ১৭:৫৩
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় পৃথক হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে একটি পুলিশ পোস্টের কাছে ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বুরেজের ‘ব্লক ৯’ এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো এ হামলায় হতাহতের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আল-আকসা হাসপাতালে ছয়টি মরদেহ আনা হয়েছে। সেখানে সাতজন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে আল-আওদা হাসপাতাল আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে বানি সুহাইলা শহরে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতেও ড্রোন হামলা চালানো হয়। নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়া গাজা সিটির পূর্ব দিকে ইসরায়েলি গোলন্দাজ ও ট্যাংক থেকে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৭২ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন। নিহতদের মধ্যে রয়েছেন আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলের এই হামলাকে ‘বিরামহীন হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা ঘরবাড়ি, আশ্রয়শিবির, রাস্তা এমনকি শ্রেণিকক্ষেও নিরাপদ নয়।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা অব্যাহত রয়েছে। কালকিলিয়া ও জেনিন থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের দুমা গ্রামে অবৈধ বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গোপনে আরও ৩৪টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা