হামলায় আহত ইরানের নেতা মোজতবা খামেনি, পা হারানোর আশঙ্কা: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, ১৮:৪৪
অ- অ+

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। হামলায় তাঁর মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি বা উভয় পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন। শারীরিকভাবে গুরুতর আহত হলেও মানসিকভাবে তিনি সচেতন আছেন।

সূত্রগুলোর দুজন জানিয়েছেন, মোজতবা খামেনি অডিও কনফারেন্সের মাধ্যমে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন। এসব সিদ্ধান্তের মধ্যে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাও রয়েছে।

আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষাপটে মোজতবা খামেনির শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রয়টার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার সবচেয়ে বিস্তারিত বর্ণনা পাওয়া গেলেও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর অতর্কিত হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি।

পরবর্তীতে ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তিনি। তবে এরপর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি; তাঁর কোনো ভিডিও, অডিও বা সাম্প্রতিক ছবি প্রকাশ করা হয়নি।

রয়টার্সের তথ্যে বলা হয়, ২৮ ফেব্রুয়ারির হামলাতেই মোজতবা খামেনি আহত হন। যদিও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তিনি পঙ্গু হয়েছেন। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে তিনি একটি পা হারিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

সূত্র: রয়টার্স

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা