বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস দেখা দিয়েছে। মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়া এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে অনিশ্চয়তার প্রভাবে আজ সোমবার (২০ এপ্রিল) লেনদেনের শুরুতেই স্বর্ণের দর উল্লেখযোগ্যভাবে কমে যায়। খবর রয়টার্স’র।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার ভোরে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৯৩.৯৮ ডলারে নেমে এসেছে।
এটি গত ১৩ এপ্রিলের পর স্বর্ণের সর্বনিম্ন দর। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস (জুন ডেলিভারি) ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,৮১৩.৬০ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামে পতনের প্রধান কারণ। ডলারের মান বাড়লে অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে বৈশ্বিক চাহিদা কমে যায়।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়াও বাজারে প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা বিকল্প সম্পদে ঝুঁকছেন।
টেস্টিলাইভ-এর গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ‘ওয়ার ট্রেড’ পরিস্থিতিকে আবার সামনে নিয়ে এসেছে, যার প্রভাব সরাসরি পণ্যবাজারে পড়ছে।
এদিকে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে, যা মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ডকে আরও শক্তিশালী করছে। সাধারণত মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে ডলার বা বন্ডে বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠেন।
পরিস্থিতির প্রভাবে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৮০.০৪ ডলারে নেমেছে এবং প্লাটিনাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ২,০৯৩.৫৬ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ডলারের গতিপ্রকৃতি অব্যাহত থাকলে স্বর্ণের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
(ঢাকাটাইমস/২০ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













