হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ করার উপায় নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শুরু হয়েছে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠক। প্রায় ৩০টিরও বেশি দেশ এতে অংশ নিচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হওয়া দুই দিনের এই বৈঠক আয়োজন করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অনেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাজ্য-ফ্রান্স নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এই প্রস্তাবিত মিশনে অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে।
এদিকে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপীয় মিত্রদের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গত সপ্তাহে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে একটি অনলাইন ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৫০টি দেশ অংশ নেয়। সেই আলোচনার ধারাবাহিকতায়ই লন্ডনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহের ভিডিও কনফারেন্সের ফলাফল হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, বৈঠকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য একটি সমন্বিত কূটনৈতিক পরিকল্পনা তৈরি করা।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্প্রতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ সংকট তৈরি হচ্ছে এবং বিভিন্ন দেশে জ্বালানি পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ছে।
(ঢাকাটাইমস/২২ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































