সবার কাছে বিনম্রভাবে দুঃখ প্রকাশ করছি

সম্প্রতি ৭১ টিভির একটি টকশোতে অংশ নিয়েছিলাম—প্রায় আট-দশ বছর বিরতির পর। কিন্তু সেখানে গিয়ে যখন সহ-আলোচককে দেখলাম, মুহূর্তেই মনটা বিষিয়ে গেল। সেই মানুষটিকে আমি আগে কখনো দেখিনি, চিনিও না; অথচ তার বাচালতা আর ঔদ্ধত্য আমার কথা বলার সব আগ্রহ কেড়ে নিল।
পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপককে কোনো সুযোগ না দিয়ে তিনি আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন। আমার মেজাজ এতটাই বিগড়ে ছিল যে, আমি কেবল দায়সারাভাবে উত্তর দিচ্ছিলাম অথবা তাকে এড়িয়ে যাচ্ছিলাম। সত্যি বলতে, আমি কী বলেছি তার অর্ধেকও আমার মনে নেই, কারণ নিজের করা টকশো রিপিট দেখার সময় করে উঠতে পারি না।
পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে আমার কিছু কথায় ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত লেগেছে।একজন অন্তহীন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে কারো মনে আঘাত দেওয়া আমার কাম্য নয়।
আমি কোনো অজুহাত দেব না, কোনো আত্মপক্ষ সমর্থনও করব না। যা হয়েছে তার জন্য আমি *সবার কাছে বিনম্রভাবে দুঃখ প্রকাশ করছি*। আর সবচেয়ে বড় কথা, আমি মহান আল্লাহতালার কাছেও আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। তিনি যেন আমাকে মার্জনা করেন।
লেখক: সদস্য, বিএনপি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













