সরাসরি ভারত থেকে পাইপলাইনে আরও সাত হাজার টন ডিজেল আসছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৭
অ- অ+

দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো ডিজেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে সাত হাজার টন ডিজেলের এই চালান পৌঁছাবে।

জানা গেছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে গত সোমবার রাত ৮টা থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টা ভ্রমণ শেষে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জ্বালানিটি পার্বতীপুরে পৌঁছাবে। এতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম জানান, আমদানিকৃত এই ডিজেল পরবর্তীতে পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।

জ্বালানি আমদানির হিসাব অনুযায়ী, চলতি এপ্রিল মাসেই পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যে ১৩ হাজার টন ডিজেল দেশে এসেছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টনের দুটি চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। সব মিলিয়ে এপ্রিল মাসে চারটি চালানে মোট ২৫ হাজার টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর আগে মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ২২ হাজার টন ডিজেল দেশে আসে। ফলে চলতি বছরে মোট আমদানির পরিমাণ দাঁড়াচ্ছে ৩৫ হাজার টনে।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ভিত্তিতে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয়। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়। চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করবে। সংশ্লিষ্টরা বলছেন, আগে চট্টগ্রাম বা খুলনা থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। পাইপলাইনের মাধ্যমে সরাসরি জ্বালানি পরিবহনের ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, যা দেশের জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলছে।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ