বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের শোক
ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামানের মৃত্যু

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পরিদর্শক ও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
তিনি জানান, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসার আক্রান্ত ছিলেন। গত ৪ মার্চ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
তিনি বলেন, আসাদুজ্জামান অত্যন্ত বিনয়ী, নম্র ও পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি শুধু দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবেও সহকর্মীদের নিয়মিত পরামর্শ দিতেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আসাদুজ্জামান স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মেয়ে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী এবং ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত।
আসাদুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে এসআই হিসেবে পুলিশে কর্মজীবন শুরু করেন তিনি।
এদিকে আসাদুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মজীবনে আসাদুজ্জামান সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একটি অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও আদর্শ কর্মকর্তা হারিয়েছে-যা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন-এই প্রার্থনা করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































