পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত, নেপথ্যে কী?

এ বছরের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়েছে। পদকের তালিকায় বিতর্কিত ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম ওঠে আসায় শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর সূত্র জানায়, চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ পদকের জন্য ১০৯ জন কর্মকর্তা ও সদস্যকে মনোনীত করা হয়েছিল। তবে তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ সরকারের আমলে পদক পেয়েছিলেন। এদের মধ্যে একজন কর্মকর্তা বিগত সরকারের সময় দু’বার পদক লাভ করেন বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে পুলিশের অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ সপ্তাহে পুলিশ পদক স্থগিত রাখার বিষয়টি পুলিশের জন্য অসম্মানের। পদক কমিটির প্রধান করা হয় এমন একজন কর্মকর্তাকে যার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে পদক কমিটি করায় পুরো পুলিশ বাহিনীকে এ অসম্মানের ভাগিদার হতে হয়েছে। এ বিষয়ে তদন্ত করে সরকারের ব্যবস্থা গ্রহন করা উচিত বলে ওই কর্মকর্তারা মন্তব্য করেন।
সূত্র জানায়, পুলিশে সাহসিকতা, কর্মদক্ষতা এবং সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে সাধারণত ‘পুলিশ পদক’ দেওয়া হয়। অত্যন্ত সম্মানজনক এই পদকটি পাওয়ার কথা চৌকষ পুলিশ সদস্যদের। কাজের স্বীকৃতি ও কর্মস্পৃহা বাড়াতেই এই পদক দেওয়া হয়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ পদকের মূল মানদ- ছিল ‘দলীয় আনুগত্য’। তখন পদকের মাধ্যমে আওয়ামীপন্থি পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হতো। ফলে অনেক যোগ্য চৌকষ কর্মকর্তা বছরের পর বছর পদক পাওয়া থেকে বঞ্চিত থেকেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































