ইলিশ প্রকল্পে ভয়াবহ দূর্নীতির অভিযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ মে ২০২৬, ২২:৫৯
অ- অ+

সরকারের বহুল আলোচিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (Hilsa Development and Management Project- HDMP)’—যার মূল লক্ষ্য ছিল মা ইলিশ ও জাটকা সংরক্ষণ, নদীর অভয়াশ্রম রক্ষা, নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখা এবং জেলেদের খাদ্য ও বিকল্প কর্মসংস্থান সহায়তা প্রদান—সেই প্রকল্প এখন ভয়াবহ দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ।

২০২০ সালে মৎস্য অধিদপ্তরের অধীনে গৃহীত এই প্রকল্পকে ঘিরে সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া জেলে তালিকা তৈরি, নিম্নমানের রেশন সরবরাহ এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যক্ষ হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সংসদ সদস্য শেখ হেলালের প্রত্যক্ষ সুপারিশে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পান সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা এমদাদুল্লাহ। পরে তার ঘনিষ্ঠ আওয়ামীপন্থী কর্মকর্তা মামুনকে উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ভুয়া জেলে তালিকায় কোটি টাকা আত্মসাৎ

প্রকল্পের শুরুতেই জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে গবাদিপশু সরবরাহ কর্মসূচি নেওয়া হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন জেলায় প্রকৃত জেলেদের পরিবর্তে বিপুলসংখ্যক ভুয়া ও গায়েবি নাম অন্তর্ভুক্ত করে তালিকা প্রস্তুত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তালিকার প্রায় অর্ধেক নামই কাল্পনিক বা অস্তিত্বহীন। এসব ভুয়া তালিকার মাধ্যমে বরাদ্দকৃত বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। অভিযোগে বলা হয়েছে, শেখ হেলালের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এমদাদুল্লাহ ও তার সহযোগীরা এই অনিয়ম নির্বিঘ্নে চালিয়ে যান।

দুদকে অভিযোগ, তবুও রহস্যজনক নীরবতা

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো তদন্ত বা ব্যবস্থা গ্রহণ হয়নি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণেই অভিযোগগুলো ধামাচাপা পড়ে যায়।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সম্প্রতি বলেছেন, “দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না।” এছাড়া তিনি আরও বলেন, “দুর্নীতি কমলে বৈষম্য কমবে।”

অন্যদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দীর্ঘদিন ধরেই সরকারি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। সংস্থাটির মতে, রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের কারণে সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে অনিয়ম ও লুটপাট বাড়ছে।

টেন্ডারে ‘একক ঠিকাদার’ সুবিধা

অভিযোগ রয়েছে, প্রকল্পের শেষ ধাপে ২৩ উপজেলায় জেলেদের জন্য রেশন সরবরাহের লক্ষ্যে ২০২৫ সালের ১১ ডিসেম্বর একটি দরপত্র আহ্বান করেন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। কিন্তু ওই দরপত্রে এমন সব শর্ত আরোপ করা হয়, যাতে অন্য কোনো ঠিকাদার অংশগ্রহণ করতে না পারে।

সংশ্লিষ্টরা বলছেন, পুরো টেন্ডার প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার উদ্দেশ্যে সাজানো হয়েছিল।

পরবর্তীতে “আইয়ুব আলী ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির মালিক ইয়াহিয়া লালবাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শেখ হেলালের ঘনিষ্ঠ সহযোগী। এছাড়া তিনি জুলাই-আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলারও আসামি বলে জানা গেছে।

নিম্নমানের রেশন ও ওজনে কম দেওয়ার অভিযোগ

রেশন বিতরণ কার্যক্রমেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ, ওজনে কম দেওয়া এবং তালিকাভুক্ত অনেক জেলেকে রেশন না দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

দুর্নীতির বিষয়ে ডিপিডি মামুনুর রশীদ চৌধুরী মামুনকে ফোন করা হলে তিনি এই বিষয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান এবং প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুলল্লার সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন। পরবর্তীতে পিডি মোল্লা এমদাদুলল্লাহ কে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের মতে, প্রকল্পটি প্রকৃত জেলেদের জীবনমান উন্নয়নের বদলে একটি প্রভাবশালী সিন্ডিকেটের অর্থ আত্মসাতের উৎসে পরিণত হয়েছে।

তদন্ত দাবি সচেতন মহলের

সুশীল সমাজ ও সচেতন মহল বলছে, ইলিশ সংরক্ষণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে দুর্নীতি দেশের মৎস্যসম্পদ ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে প্রকল্পের আর্থিক লেনদেন, টেন্ডার প্রক্রিয়া এবং জেলে তালিকা যাচাই করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

দুর্নীতিবিরোধী বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত ছাড়া প্রকল্পের প্রকৃত চিত্র কখনোই সামনে আসবে না।

(ঢাকাটাইমস/১০মে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২