সরকারের সব কার্ড ব্যর্থ হলে ‘লাল কার্ড’ দেখাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো বিফলে গেলে আমরা লাল কার্ড দেখাবো।
বুধবার বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকের সংকট নিরসনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে সেটি দেখতে হবে।
সরকারের বিভিন্ন কার্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক তাতে সুবিধা পাচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে।
তিনি আরও বলেন, অনেক কার্ড বাজারে এসেছে। আমরাও একটা কার্ড ছাড়তে চাই, সেটা হলো লাল কার্ড। সরকারের সবকার্ড যখন ব্যর্থ হয়ে যাবে আমরা তখন সেই কার্ড দেখাব।
পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশের সীমান্তে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায় অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার আমাদের সঙ্গে সীমান্তে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা কোনো দাঙ্গা লাগাতে দেব না।
পশ্চিমবঙ্গের নতুন সরকারের উসকানিতে বাংলাদেশের বর্তমান সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান এনসিপির এই নেতা।
সভার প্রধান বক্তা একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, সার্বিকভাবে দেশে ৫-৭ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার প্রভাবে খাদ্য সংকট তৈরি ও মূল্যস্ফীতি বাড়বে।
প্রতিবছর বাজেট বাড়লেও কৃষির জন্য বরাদ্দ বাড়ছে না মন্তব্য করে তিনি বলেন, মোট বাজেটের অন্তত ১০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দেয়া উচিত। এছাড়া কৃষিপণ্যের জন্য প্রাইস কমিশন জরুরি বলেও উল্লেখ করেন এই বিশেষজ্ঞ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































