ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাজ্যের ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চন্দৌলি ও সোনভদ্র জেলায় এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভাদোহি জেলায়, যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে।
ফতেহপুরে ৯ জন, বুদাউনে ৫ জন, চন্দৌলিতে ২ জন এবং সোনভদ্র জেলায় ১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
দুর্যোগের পরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি দ্রুত ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এবং উদ্ধার কার্যক্রম জোরদার করতে নির্দেশ দেন। পাশাপাশি ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
ভাদোহি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, ঝড়ের কারণে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত ঘটে।
ফতেহপুরে ঘরের দেয়াল ধসে ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বুদাউন জেলায় দেয়াল ও গাছ পড়ে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। চন্দৌলি ও সোনভদ্রেও একই ধরনের ঘটনায় প্রাণহানি ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।
সরকার জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে। গবাদি পশুর ক্ষতির বিষয়টিও যাচাই করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৪ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































