ব্রাজিল ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারেনি

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ড সময়ের সঙ্গে বদলে গেছে। তবে কিছু কীর্তি এখনও অটুট রয়েছে, যা বিশ্ব ফুটবলে বিশেষ মর্যাদা বহন করে। তেমনই এক অনন্য রেকর্ডের মালিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টানা ৯২ বছর ধরে অপরাজিত রয়েছে সেলেসাওরা।
বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে ধারাবাহিক সাফল্যের নজির গড়ে তুলেছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩৪ সালের পর আর কখনও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারেনি লাতিন আমেরিকার দেশটি।
ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালে। প্রথম আসরে যুগোস্লাভিয়ার বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছিল তারা। এরপর ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হেরে যায় সেলেসাওরা। সেটিই ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সর্বশেষ পরাজয়।
১৯৩৪ সালের ২৭ মে-র পর কেটে গেছে ৯২ বছর। এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে হারাতে পারেনি কোনো দল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ কয়েক বছর বন্ধ থাকলেও মাঠে ফেরার পরও অটুট থেকেছে তাদের এই দুর্দান্ত ধারাবাহিকতা।
১৯৩৮ সালের বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের উদ্বোধনী ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল। এই সময়ের মধ্যে ১৭টি ম্যাচে জয় পেয়েছে তারা, আর ৩টি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। উল্লেখযোগ্য বিষয় হলো, চারবারই জয় পেয়েছে ব্রাজিল। এসব ম্যাচে মেক্সিকোর জালে মোট ১৪ গোল করলেও নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছিল তারা।
ফুটবল ইতিহাসে ব্রাজিলের এই রেকর্ড শুধু পরিসংখ্যানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত রাখার এক উজ্জ্বল উদাহরণ এটি। শিরোপা জয়ের সংখ্যার পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্সের ক্ষেত্রেও যে ব্রাজিল অন্যদের থেকে আলাদা, উদ্বোধনী ম্যাচে ৯২ বছরের অপরাজিত থাকার রেকর্ড তারই প্রমাণ।
(ঢাকাটাইমস/১৪ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































