মরক্কোর সঙ্গে ড্র, জয়হীন শুরু ব্রাজিলের বিশ্বকাপ অভিযান

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ১-১ গোলের ড্র করেছে সেলেসাওরা। ফলে আসরের শুরুতেই দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল ব্রাজিল। ভুল পাস, দুর্বল মার্কিং এবং আক্রমণে সমন্বয়হীনতার কারণে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি তারা। অন্যদিকে শুরু থেকেই হাই প্রেসিং কৌশলে ব্রাজিলকে চাপে রাখে মরক্কো।
প্রথম ১০ মিনিটে একাধিক আক্রমণ চালিয়ে ব্রাজিলের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে আফ্রিকার প্রতিনিধিরা। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। এক পর্যায়ে ইগর থিয়াগোর সামনে দারুণ সুযোগ তৈরি হলেও সেটিকে গোলে পরিণত করতে ব্যর্থ হন তিনি।
ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ শটে বল জালে পাঠান ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। গোল হজমের পর কিছুটা চাপে পড়ে যায় ব্রাজিল।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি সেলেসাওদের। ম্যাচের ৩২তম মিনিটে দলের ত্রাতা হয়ে হাজির হন ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। তার গোলে ১-১ সমতায় ফিরে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ব্রাজিল কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জয়ের গোল আদায় করতে পারেনি। মরক্কোর রক্ষণও দৃঢ়তা দেখিয়ে ম্যাচে সমতা ধরে রাখে।
ফলে নির্ধারিত সময় শেষে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে এটি ছিল ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। সেই ম্যাচে গোল করেছিলেন রোনালদো ও রিভালদো। এবার ভিনিসিয়ুস গোল করে দলকে সমতায় ফেরালেও জয় এনে দিতে পারেননি।
এদিকে চোটের কারণে ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখেছেন তিনি। আগামী ২০ জুন হাইতির বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে বলে আশা করছে ব্রাজিল শিবির।
প্রথম ম্যাচে ড্র করলেও টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এখনও ভালো অবস্থানেই রয়েছে ব্রাজিল। তবে পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের সেরাটা মেলে ধরতে না পারলে শিরোপা জয়ের পথে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
(ঢাকাটাইমস/১৪ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































