মিশরের জার্সি ফিফার নিষেধাজ্ঞায় শেষ মুহূর্তে বদলে যাচ্ছে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ০৯:৩৪
অ- অ+

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ফিফার নতুন সরঞ্জাম (ইকুইপমেন্ট) বিধিমালার কারণে নিজেদের অফিসিয়াল জার্সিতে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে মিসর ও হাইতি। বিশ্বকাপের ঠিক আগে নেওয়া এই সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ইতিহাসে সবচেয়ে সফল দল মিসর। মহাদেশীয় প্রতিযোগিতাটিতে সাতবার শিরোপা জয়ের গৌরব স্মরণীয় করে রাখতে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের জার্সিতে সাতটি তারা ব্যবহার করে আসছে দেশটি।

তবে বিশ্বকাপের জন্য প্রণীত নতুন নিয়মে ফিফা স্পষ্টভাবে জানিয়েছে, বিশ্বকাপ শিরোপা ছাড়া অন্য কোনো আঞ্চলিক বা মহাদেশীয় টুর্নামেন্ট জয়ের প্রতীক হিসেবে জার্সিতে তারা ব্যবহার করা যাবে না। ফলে বিশ্বকাপে অংশ নিতে গিয়ে নিজেদের জার্সি থেকে সাতটি তারাই সরিয়ে ফেলতে হচ্ছে মিসরকে।

শুধু তাই নয়, খেলোয়াড়দের জার্সির নম্বরের রঙেও পরিবর্তন আনতে হয়েছে আফ্রিকার দলটিকে। মিসরীয় ফুটবল ফেডারেশন জার্সির পেছনে সোনালী রঙের নম্বর ব্যবহার করলেও ফিফা তা বাতিল করে দিয়েছে। টেলিভিশন সম্প্রচার এবং ম্যাচ পরিচালনায় রেফারিদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নম্বরগুলো সাদা রঙে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

অন্যদিকে একই ধরনের বিধিনিষেধের মুখে পড়েছে ক্যারিবীয় দেশ হাইতি। ৫২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দেশটি তাদের জার্সিতে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ভার্টিয়ার্সের যুদ্ধ’-এর একটি বিশেষ ইলাস্ট্রেশন যুক্ত করেছিল। ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রামের প্রতীক হিসেবে এই নকশা সংযোজন করা হয়েছিল।

কিন্তু ফিফার বিধিমালার ১৪.২ ধারা অনুযায়ী, খেলোয়াড়দের কিটে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা, প্রতীক কিংবা ছবি ব্যবহার করা যাবে না। ফিফা ওই নকশাকে রাজনৈতিক বার্তার সঙ্গে সংশ্লিষ্ট বলে ব্যাখ্যা করায় হাইতিকে জার্সি থেকে ঐতিহাসিক যুদ্ধের চিত্রটি সরিয়ে ফেলতে হয়েছে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যেই ফিফা এ ধরনের নিয়ম কার্যকর করেছে বলে জানা গেছে। তবে মিসরের সাত তারকা ও হাইতির স্বাধীনতার ইতিহাসবাহী নকশা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ফুটবল সমর্থকদের মধ্যে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে।

বিশ্বকাপের মঞ্চে নামার আগে তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি জার্সি নিয়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মিসর ও হাইতি।

(ঢাকাটাইমস/১৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
বিশ্ব রক্তদান দিবস আজ: নিরাপদ রক্তদানে পাঁচ রোগমুক্ত থাকার আহ্বান
বিশ্বকাপে কাতারের প্রথম অর্জন, সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে ইতিহাস গড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা