গণতান্ত্রিক উত্তরণে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে হবে: সাইফুল হক

নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হলে দেশে গণতান্ত্রিক শাসনের ভিত্তি শক্তিশালী হবে না।
শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে গণতান্ত্রিক আইনজীবী সংহতির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, “সবচেয়ে ভালো সরকার সেটাই, যারা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে এগিয়ে আসে।” তিনি বলেন, সরকার তথা নির্বাহী বিভাগ, পার্লামেন্ট ও বিচার বিভাগের মধ্যে যৌক্তিক ভারসাম্যপূর্ণ সম্পর্ক না থাকলে উদার গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না।
তিনি অভিযোগ করেন, দেশের বিচারব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ। উচ্চ আদালতের বিচারক নিয়োগে অনেক সময় রাজনৈতিক বিবেচনা কাজ করে বলেও মন্তব্য করেন তিনি। এর ফলে বিচারকদের মধ্যে মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয় এবং তা ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বলে উল্লেখ করেন তিনি।
বিচারকদের মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করে সাইফুল হক বলেন, বিচারব্যবস্থাকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে দিতে হবে। বিশেষ করে সমাজের প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠী ন্যায়বিচার পাচ্ছে কিনা, তার ওপরই বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নির্ভর করে।
তিনি আরও বলেন, “মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়।” নতুন নির্বাচিত সরকার জুলাই সনদ ও জনপ্রত্যাশা অনুযায়ী বিচারব্যবস্থা সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রবীণ আইনজীবী এডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, এডভোকেট সুমন মিয়া, এডভোকেট পিয়াস মজুমদার, এডভোকেট মায়মুনা করিম টফি, এডভোকেট অনিরুদ্ধ সরকার, এডভোকেট আবদুল্লাহ আল মামুন রিমন ও এডভোকেট হাসিবুজ্জামান প্রমুখ।
এদিকে প্রতিনিধি সভায় এডভোকেট মাহবুবুল করিম টিপুকে আহ্বায়ক, অনিরুদ্ধ সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং এডভোকেট সুমন মিয়াকে সদস্য সচিব করে গণতান্ত্রিক আইনজীবী সংহতির ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের খসড়া ঘোষণা ও গঠনতন্ত্রও অনুমোদন করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































