শিশুদের ওপর নৃশংসতা বন্ধের আহ্বান ইউনিসেফের

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা ও যৌন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলেছে, শিশুদের বিরুদ্ধে চলমান এ ধরনের নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে এবং এ বিষয়ে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় সংস্থাটি গভীরভাবে মর্মাহত। এসব ঘটনায় মেয়েশিশু ও ছেলেশিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে—যেসব পরিবেশে তাদের নিরাপদ থাকার কথা ছিল। ইউনিসেফ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও নৃশংস সহিংসতার ঘটনা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে, যা শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরছে।
সংস্থাটি আরও জানায়, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করা জরুরি। একই সঙ্গে প্রতিরোধ ব্যবস্থা, অভিযোগ জানানোর কাঠামো, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং কমিউনিটি-ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।
ইউনিসেফের মতে, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা সেবা সম্প্রসারণ করা এবং স্কুল, মাদ্রাসা, কর্মস্থল ও কমিউনিটিতে জবাবদিহি আরও শক্তিশালী করা প্রয়োজন, যাতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।
বিবৃতিতে বলা হয়, সমাজের নীরবতা সহিংসতা আরও বাড়িয়ে দেয়। তাই যেকোনো নির্যাতনের ঘটনা দ্রুত রিপোর্ট করতে শিশু, পরিবার ও কমিউনিটির প্রতি আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে ১০৯৮ শিশু সহায়তা হেল্পলাইনের মাধ্যমে সহায়তা পাওয়া যায় বলে উল্লেখ করা হয়।
এছাড়া ভুক্তভোগী শিশু ও নারীদের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশকে দ্বিতীয়বারের আঘাত হিসেবে উল্লেখ করে ইউনিসেফ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি এসব তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
সবশেষে ইউনিসেফ বলেছে, ঘর, স্কুল, কমিউনিটি ও জনপরিসর—সবখানেই প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
(ঢাকাটাইমস/২৩ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













