৬১৭৫ গ্রাম স্বর্ণে নির্মিত বিশ্বকাপ ট্রফি, মূল্য শুনলে অবাক হবেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১০:৪৩
অ- অ+

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ৪৮টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে বিশ্বকাপের সেই স্বপ্নের ট্রফি, যা জয়ের জন্য চার বছর ধরে অপেক্ষা করে বিশ্বের সেরা দলগুলো।

ফিফা বিশ্বকাপ ট্রফি শুধু একটি পুরস্কার নয়, এটি ফুটবল বিশ্বের সর্বোচ্চ গৌরবের প্রতীক। অনেকের মনেই প্রশ্ন থাকে, এই ট্রফিতে কতটা সোনা ব্যবহার করা হয়েছে এবং এর প্রকৃত মূল্য কত।

ফিফার তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বকাপ ট্রফির উচ্চতা ৩৭ সেন্টিমিটার এবং ব্যাস ১৩ সেন্টিমিটার। ট্রফিটির মোট ওজন প্রায় ৬ দশমিক ১ কেজি। এটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি, যেখানে ব্যবহার করা হয়েছে মোট ৬ হাজার ১৭৫ গ্রাম সোনা।

ট্রফিটির নকশাও বেশ তাৎপর্যপূর্ণ। এতে দু’জন মানুষের হাতে পৃথিবীকে উঁচু করে তুলে ধরার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যা বিশ্বজুড়ে ফুটবলের ঐক্য ও সার্বজনীনতাকে প্রতীকীভাবে প্রকাশ করে। তবে ট্রফিটি সম্পূর্ণ কঠিন সোনার নয়। ওজন নিয়ন্ত্রণে রাখতে এর ভেতরের অংশ ফাঁপা রাখা হয়েছে। ট্রফির নিচের অংশে রয়েছে মূল্যবান সবুজ খনিজ ম্যালাকাইটের দুটি স্তর, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ট্রফিতে ব্যবহৃত সোনা ও অন্যান্য উপকরণের বর্তমান বাজারমূল্য হিসাব করলে এর দাম প্রায় আড়াই লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা। তবে সূক্ষ্ম কারুকাজ, নকশা এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য আরও অনেক বেশি।

তাদের মতে, যদি কখনও এই ট্রফি নিলামে তোলা হয়, তাহলে এর মূল্য কয়েকশ গুণ বেড়ে যেতে পারে। এমনকি নিলামে এর দাম ২ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বর্তমান বিশ্বকাপ ট্রফির নকশা তৈরি করেছিলেন ইতালীয় শিল্পী সিলভিও গাজানিগা। ১৯৭০ সালে ফিফা নতুন ট্রফির নকশা নির্বাচনের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করলে তার নকশাটি বিজয়ী হয়।

এর আগে বিশ্বকাপজয়ীদের হাতে তুলে দেওয়া হতো জুলে রিমে ট্রফি। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের মাধ্যমে ব্রাজিল স্থায়ীভাবে সেই ট্রফির মালিকানা লাভ করে। এরপর থেকেই বর্তমান সোনালি বিশ্বকাপ ট্রফি ফুটবল বিশ্বের সর্বোচ্চ অর্জনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিশ্বকাপ জয়ের পর এই ট্রফি হাতে তোলার স্বপ্নই বিশ্বের প্রতিটি ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাগুলোর একটি।

(ঢাকাটাইমস/৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে
বিশ্বকাপ ফুটবল ২০২৬: মহারণে কারা খেলছেন? দেখে নিন ৪৮ দেশের স্কোয়াড
মিরপুরে হিরোইন ও ইয়াবাসহ বিএনপি নেতা আটক
২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সময়সূচি প্রকাশ, জানুন সব ম্যাচের বাংলাদেশ সময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা