জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১৫:০৪| আপডেট : ০৭ জুন ২০২৬, ১৫:০৫
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল হিসেবে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আজ রবিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ছাত্র ও যুবসমাজকে প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশ সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা আয়ত্ত করতে পারলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

তারেক রহমান বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যেখানে শিক্ষা, গবেষণা, যোগ্যতা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে।

তিনি দেশে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর, বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই।”

একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদানকে সম্মান জানাতে শিক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে নিজেদের আরও প্রস্তুত করতে হবে। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ২ হাজারের বেশি অধিভুক্ত কলেজে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সংকট নিরসন এবং সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, দেশের আধুনিক, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

(ঢাকাটাইমস/৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির জন্য ৭২ কোটি টাকা ব্যয়ে মিডিয়া স্বত্ব ক্রয়
মৃত্যুদণ্ডের রায় শেষে বিচারক কেন কলমের নিব ভাঙেন
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা