কমল ইন্টারনেটের দাম

উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দামে স্বস্তি আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সোমবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন ট্যারিফ অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ১০০ এমবিপিএস প্যাকেজের জন্য গ্রাহককে দিতে হবে সর্বোচ্চ ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস গতির প্যাকেজের মূল্য ধরা হয়েছে মাসে ৩০০০ টাকা।
এ ছাড়া সেবার মান নিশ্চিত করার শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব ইন্টারনেট সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮, যাতে নির্ধারিত গতির সেবা নিশ্চিত করা যায়।
বিটিআরসির এ উদ্যোগের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সমান দামে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































