ওয়ারীতে ডিবি পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই, ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১২:১০
অ- অ+

রাজধানীর ওয়ারী এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৭ ভরি স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, ডিবি পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও ডাকাতিতে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ রানা। এ সময় ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল রানা এবং মিডিয়া বিভাগের সহকারী কমিশনার (এসি) আরিফা আক্তার প্রীতি উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম মাঝি (৬০), আব্দুল মালেক (৫৫), মনির হোসেন (৪৫), ইউসুফ কাজী (৬৫), রাইসুল ইসলাম (৩৪), আরিফুল ইসলাম (৩৪), আফজাল হোসেন (৩০), তিন্নাথ পাল (৩৮) ও রিপন পাল (৩৬)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ মে কোরবানির ঈদের আগের রাতে ওয়ারী থানার নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের এক ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে সংঘবদ্ধ একটি চক্র তাদের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়।

এরপর ভুক্তভোগীদের কাছে অবৈধ মাদক রয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাদের ফেলে রেখে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ ঘটনায় হরিপদ পালের অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ওয়ারী থানা পুলিশের একটি দল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ইত্তেফাক মোড় এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ৬ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি ডিবি কটি, একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকি-টকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি লাঠি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৫৭ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পুনরায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারী থানায় পৃথক আরেকটি মামলাও দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে চক্রটির অন্যান্য সদস্য এবং লুণ্ঠিত বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৭ জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে
৬১৭৫ গ্রাম স্বর্ণে নির্মিত বিশ্বকাপ ট্রফি, মূল্য শুনলে অবাক হবেন
বিশ্বকাপ ফুটবল ২০২৬: মহারণে কারা খেলছেন? দেখে নিন ৪৮ দেশের স্কোয়াড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা