আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশন আজ রবিবার (৭ জুন) শুরু হচ্ছে। অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের ওপর সংসদ সদস্যদের আলোচনা শেষে আগামী ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।
অধিবেশনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই প্রস্তুতি কার্যক্রম শুরু হয়।
সংসদের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। পাশাপাশি বিধি-৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিস নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া জ্বালানি খাতে করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এরপর বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে তা ৩০ জুন পাস করা হবে।
বাজেট ছাড়াও চলতি অধিবেশনে সংবিধান সংস্কার ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গঠনও শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট আলোচনার আগেই সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গঠন সম্পন্ন করতে আগ্রহী।
এদিকে বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
উল্লেখ্য, চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। পাশাপাশি পাঁচটি স্থায়ী কমিটি এবং দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনকে সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/৭ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































