রিয়াল মাদ্রিদে নতুন চুক্তির পথে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৩
অ- অ+

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। বুধবার ক্লাব কর্তৃপক্ষ ও খেলোয়াড়ের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।

স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত বৈঠকে রিয়ালের মহাপরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেজ, প্রধান স্কাউট জুনি কালাফাত, ভিনিসিয়ুসের এজেন্ট ফ্রেদেরিকো পেনা এবং তার উপদেষ্টা তাতা সোয়ারেস উপস্থিত ছিলেন। বৈঠকের পর আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে উভয় পক্ষই।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে নতুন চুক্তি না হলে চলতি মৌসুমেই তাকে বিক্রির বিষয়টি বিবেচনায় নিতে পারে রিয়াল মাদ্রিদ— এমন গুঞ্জন কয়েক সপ্তাহ ধরেই ফুটবল অঙ্গনে আলোচনায় ছিল।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ভিনিসিয়ুসকে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের একটি নতুন প্রস্তাব দেয় রিয়াল। বুধবার সেই প্রস্তাব আরও বাড়িয়েছে ক্লাবটি। যদিও সর্বশেষ প্রস্তাবের আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।

এর আগে, রিয়ালের কাছ থেকে ৩ কোটি ইউরো বার্ষিক বেতন চেয়েছিলেন ভিনিসিয়ুস। তবে, তার দাবির চাইতে কম বেতন অফার করেছিল রিয়াল। সর্বশেষ প্রস্তাবে বেতন এবং পারফরম্যান্সভিত্তিক কিছু শর্তে শিথীলতা দেখিয়েছে রিয়াল। তবে ইমেজ রাইটস ও ব্যক্তিগত বাণিজ্যিক স্বত্ব নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো পুরোপুরি দূর হয়নি।

বর্তমানে বছরে প্রায় ১ কোটি ৭৫ লাখ ইউরো আয় করেন ভিনিসিয়ুস। নতুন চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা স্থবির ছিল। তবে বুধবারের বৈঠকের পর ভিনিসিয়ুসের প্রতিনিধিরা চুক্তি নবায়নের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি আশাবাদী।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ালের কিছু শীর্ষ কর্মকর্তা ভিনিসিয়ুসের সম্ভাব্য বিদায়ের পক্ষে থাকলেও তাকে দলে রাখার বিষয়ে জোরালো অবস্থান নিয়েছেন প্রধান স্কাউট জুনি কালাফাত।

অন্যদিকে, ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে আগ্রহী প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। যদিও ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ সূত্র ইংলিশ ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের কথা অস্বীকার করেছে। তবে অন্য সূত্রের দাবি, আর্সেনাল কোচ মিকেল আর্তেতাসহ ক্লাবটির প্রতিনিধিদের সঙ্গে ভিনিসিয়ুসের পক্ষের আলোচনা হয়েছে। এখন ভিনিসিয়ুস রিয়ালের সঙ্গে চুক্তি করবেন নাকি আর্সেনালে যাবেন তা সময়ই বলে দেবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেন যুদ্ধে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা ব্যবহারের অভিযোগ অস্বীকার রাশিয়ার
রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মহেশখালীর বিকল এলএনজি টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট
জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬: রোড সেফটি ফাউন্ডেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা