আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, অনলাইনে মিলবে টিকিট

দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।
দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং পরিদর্শনকে সুশৃঙ্খল রাখতে নির্ধারিত সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ফলে জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং করতে হবে।
এ জন্য july36.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজের পছন্দের সময় নির্বাচন করে টিকিট সংগ্রহ করা যাবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গুম-নির্যাতনের দলিল, দুর্লভ আলোকচিত্র, ভাস্কর্য এবং প্রতীকী স্থাপনার সমন্বয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। বিভিন্ন গ্যালারিতে স্থান পেয়েছে বিগত দেড় দশকের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক নথি এবং আন্দোলনের বিভিন্ন অনুষঙ্গ।
জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত প্রতীকী শহীদ কবর এবং গণঅভ্যুত্থানের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা ভাস্কর্য দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষভাবে স্থান পেয়েছে শহীদ মুগ্ধের পানি বিতরণের দৃশ্য, এক রিকশাচালকের সালাম জানানোর প্রতীকী উপস্থাপন এবং শহীদ আহনাফের মায়ের উদ্দেশে লেখা চিঠির প্রদর্শনী। সংশ্লিষ্টদের মতে, এসব প্রদর্শনী দর্শনার্থীদের আবেগাপ্লুত করবে এবং জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও ইতিহাসকে নতুনভাবে উপলব্ধি করতে সহায়তা করবে।
(ঢাকাটাইমস/০৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































