দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৫৫
অ- অ+

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এরপর উল্লেখযোগ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগস্টের ৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং সেপ্টেম্বর পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় চলছে। যদিও ঋতুচক্র অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ মাসকে বর্ষাকাল হিসেবে ধরা হয়, তবে আবহাওয়া অধিদপ্তরের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসই বর্ষা মৌসুমের অন্তর্ভুক্ত।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী দুই থেকে তিন দিন দেশের প্রায় সব এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এরপর বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সে হিসেবে ৯ আগস্টের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

তিনি আরও জানান, বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির মতো অনুকূল পরিস্থিতি নেই। ফলে আপাতত বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও দেখছেন না আবহাওয়াবিদরা।

আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জুন ও জুলাই মাসে দেশে স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। তবে বর্ষার শেষভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে। এ বিষয়ে একেএম নাজমুল হক বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার তুলনায় মানুষের শরীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হয়। ঘাম সহজে শুকাতে না পারায় অস্বস্তিও বৃদ্ধি পায়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টের শেষ দিক থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। এর ফলে ভ্যাপসা গরম ও অস্বস্তিও ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন
তিস্তা তীরে ভয়াবহ নদীভাঙন, দেশের তিন বিভাগে বন্যার সতর্কতা
শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয়
স্থগিত কমিটির নামে কার্যক্রম: কারা বৈধ, কারা নয়? স্পষ্ট করল পুলিশ এসোসিয়েশনের এডহক কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা