৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ উল্লেখ করে ফেসবুক পোস্ট, ভাটারা থানার পরিদর্শককে নিয়ে আলোচনা

রাজধানীর ভাটারা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল্লাহ আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ উল্লেখ করে একটি ফটোকার্ড শেয়ার করায় আলোচনা তৈরি হয়েছে। তবে তিনি বলেছেন, এটি তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। সরকার বা পুলিশ সদর দপ্তর থেকে এমন কোনো দিবস ঘোষণা করা হয়নি।
বুধবার বিকাল চারটার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘৫ আগস্ট পুলিশ হত্যা দিবস’ শিরোনামের একটি ফটোকার্ড শেয়ার করে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন আব্দুল্লাহ আল মামুন।
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বা পুলিশ সদর দপ্তর থেকে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়নি। তিনি আরও বলেন, ‘এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি। আমার সহকর্মীরা ওই সময় হত্যার শিকার হয়েছেন। সেই জায়গা থেকে বিষয়টি দেখেছি। আমি দিবস ঘোষণা করতে পারি না এবং করিওনি।’
ফটোকার্ডে ‘পুলিশ হত্যা দিবস’ লেখা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফটোকার্ডটি তিনি নিজে তৈরি করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো একটি ফটোকার্ড সংগ্রহ করে শেয়ার করেছেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, পুলিশ বা সরকারের পক্ষ থেকে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়নি। এ ধরনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃপক্ষ রয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের পর সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন ও পরবর্তী সহিংসতায় ৮৪৩ জন নিহত হন। অন্যদিকে, জাতিসংঘের এক প্রতিবেদনে ওই সময় নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে নিহতদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু এবং অধিকাংশের মৃত্যু নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্রের গুলিতে হয়েছে বলেও বলা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































