বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় পতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫৪
অ- অ+

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা জোরালো হওয়ায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে লেনদেনে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি আবার স্বাভাবিকভাবে চালু হতে পারে—এমন আশাবাদ বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের শঙ্কা কমিয়ে দিয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে।

মঙ্গলবার লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৫ শতাংশের বেশি কমে প্রায় ৭৬ ডলার প্রতি ব্যারেলে দাঁড়ায়। উভয় সূচকই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানকে ঘিরে কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, চলতি সপ্তাহেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা হতে পারে। তার ভাষায়, প্রণালিতে ‘অবাধ নৌ চলাচল’ নিশ্চিত করার লক্ষ্যেই আলোচনা এগোচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশাবাদের বিপরীতে ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না। তেহরানের দাবি, তারা মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে হরমুজ প্রণালির নতুন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছে। কাতারও জানিয়েছে, তারা কূটনৈতিক সমাধানের লক্ষ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ এই নৌপথ দিয়ে পরিবহন হয়। ফলে হরমুজ প্রণালির পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।

এদিকে ইয়েমেনের উপকূলবর্তী লোহিত সাগরেও নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক জাহাজে হামলার ঘটনায় বিকল্প নৌপথ ব্যবহার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার ইয়েমেন উপকূলের কাছে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার পর সেটি ডুবে যায় বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তিকর সময়
বসবাসের জন্য বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষে এস্তোনিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা