দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আজ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন দেশের প্রায় সব এলাকায় বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বুধবার সকালে প্রকাশিত সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বৃষ্টি বলয়ের প্রভাবে নির্ধারিত সময়ের চেয়েও দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
এতে পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি নিচু ও বন্যাপ্রবণ অঞ্চলে সাময়িক বন্যা, জলাবদ্ধতা এবং স্থানীয়ভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
ভারী বৃষ্টির কারণে নগরাঞ্চলেও জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি ভ্রমণ বা যাতায়াতের আগে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































