আলোচিত তিন ঘটনায় পুরস্কৃত পুলিশের ১৫ সদস্য

দেশজুড়ে আলোচিত তিনটি ঘটনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ‘পুরস্কার ও তিরস্কার’ নীতিতে বিশ্বাসী। ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব হতে উৎসাহিত করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা তিনটি আলোচিত ঘটনায় বিশেষ অবদান রাখেন।
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা
রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, দ্রুত আসামি গ্রেপ্তার, ডিএনএ পরীক্ষা ও পোস্টমর্টেম প্রতিবেদন সংগ্রহ এবং মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ মিরপুর জোনের নয়জন পুলিশ কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন এবং এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামান।
দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের উদ্ধার অভিযান
ঈদুল আজহার পর নিয়মিত দায়িত্ব পালনের সময় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাসকে দ্রুত খালি করে অন্তত ৫০ জন যাত্রীর জীবন রক্ষায় ভূমিকা রাখার জন্য নৌ পুলিশের তিন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারী। এই তিন সদস্যকে আইজি ব্যাজও দেওয়া হয়েছে।
গজারিয়ায় কিশোরী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত কিশোরীর লাশের পরিচয় শনাক্ত এবং কোনো সূত্র না থাকা অবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাত্র এক দিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য পিবিআইয়ের তিন সদস্য পুরস্কৃত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পিবিআই মুন্সিগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































