আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএর এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সংক্রান্ত কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করছে।
দপ্তর আদেশ অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০–এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়ার শর্তে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
এদিকে বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে।
তবে আরিফ উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও এ ঘটনায় বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































