ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯৭১ জন। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানে এই শক্তিশালী ভূমিকম্প।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ১৬৪ জনের মৃত্যু ও ৯৭১ জনের আহত হওয়ার তথ্য জানান। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে বিপুল সংখ্যক ভবন ধসে পড়েছে। এই রাজ্যকে ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত দৃশ্যে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে জীবিত তিনটি শিশুকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তারা ঘুটঘুটে অন্ধকারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান করছেন এবং আটকে পড়া লোকজনকে বের করে আনার চেষ্টা করছেন।
এর আগে ১৯০০ সালের ২৯ অক্টোবরের ভেনেজুয়েলায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ৭.৭ মাত্রার ওই ভূমিকম্প হয়েছিল দেশটির উপকূলীয় অঞ্চলে।
(ঢাকাটাইমস/২৫জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































