হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ১৫:০৪
অ- অ+

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য দেশের কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, এ ধরনের প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

তিনি বলেন, “আমরা এখনই কঠোর কোনো অবস্থান নিচ্ছি না। তবে আদালতের নির্দেশনা মেনে চলার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। দেশের গণমাধ্যম আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকবে বলে আমরা আশা করি।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে বিদেশি গণমাধ্যম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ নানা তথ্য জানতে পারে। তবে তা দেশীয় গণমাধ্যমে প্রচারের বৈধতা তৈরি করে না। আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত এ ধরনের প্রচার অনুচিত বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ভবিষ্যতে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করতে পারে।

ব্রিফিংয়ে নতুন নামে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় ‘রিফর্মড আওয়ামী লীগ’, ‘তৃণমূল আওয়ামী লীগ’ বা অন্য কোনো নামে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

তিনি বলেন, ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের সংশোধিত বিধান কার্যকর রেখেই আওয়ামী লীগের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অনেক অধ্যাদেশ আইন হিসেবে বহাল না থাকলেও এই সংশোধনী বহাল রয়েছে, যা সরকারের অবস্থানকে প্রতিফলিত করে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, দলটি নিষিদ্ধ থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের মত হলো, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা উচিত।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছে না। অতীতে চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও এখন সেই ব্যবস্থা বাতিল হয়েছে। ফলে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা অন্য কোনো দল দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না।

এদিকে দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালিমা লেখা পতাকা উত্তোলনের বিষয়টিও সরকার গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে বলে জানান ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, বিষয়টি সরকার আমলে নিয়েছে এবং এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, “আমরা এটি নিয়ে ব্যবস্থা নিতে চাই। আমি ব্যক্তিগতভাবেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি এ ধরনের ঘটনা এভাবে চলতে থাকবে না।”

তিনি আরও বলেন, কালিমা লেখা পতাকা উত্তোলনের পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে বের করার চেষ্টা করছে সরকার।

(ঢাকাটাইমস/৩০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে: সংসদে আমির হামজা
ব্রাজিল হারবে ভবিষ্যদ্বাণী করা জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
আগামী বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করবেন বিদায়ী প্রধানমন্ত্রী স্টারমার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা