জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে সঞ্জীবন সদস্যদের: আনসার মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সঞ্জীবন প্লাটুনের সদস্যদের দক্ষতা ও জনসেবামূলক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি দেশসেবার মানসিকতা ধারণ করার আহ্বান জানান।
আজ রবিবার (১২ জুলাই) কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় তিনি সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা, সঞ্জীবন প্লাটুনের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন।
সকালে কুমিল্লা রেঞ্জে লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে ‘সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন মহাপরিচালক। সভায় তিনি সঞ্জীবন প্লাটুনের বাস্তবায়ন কৌশল, কার্যপরিকল্পনা, সদস্যদের দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন।
তিনি সদস্যদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি টেকসই প্রকল্প পরিচালনার জন্য আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে সৌরবিদ্যুতের (সোলার প্যানেল) ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।
মহাপরিচালক বলেন, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ কিংবা গবাদিপশু পালন—যে প্রকল্পই গ্রহণ করা হোক না কেন, বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই বিকল্প জ্বালানি ব্যবস্থার মাধ্যমে সদস্যদের স্বনির্ভর হয়ে উঠতে হবে।
তিনি সদস্যদের আশ্বস্ত করে বলেন, প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা, কারিগরি জ্ঞান ও দক্ষতা উন্নয়নসহ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ বাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এতে সদস্যরা দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করে টেকসই আয় নিশ্চিত করতে সক্ষম হবেন এবং সঞ্জীবন প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন আরও বেগবান হবে।
পরে মহাপরিচালক লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, আন্তঃবাহিনী সমন্বয় বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নিচ্ছেন।
মহড়ায় অংশ নেওয়া সঞ্জীবন প্লাটুনের সদস্যদের উদ্দেশে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যেকোনো সময় দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতা ধারণ করতে হবে।
তিনি বন্যা ও দুর্যোগ মোকাবিলা, বৃক্ষরোপণ, মাদক প্রতিরোধ এবং অন্যান্য জননিরাপত্তামূলক ও সামাজিক কার্যক্রমে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান।
মহাপরিচালক আরও বলেন, সেনাবাহিনীর এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী আনসার ও ভিডিপি সদস্যরা যে সামরিক জ্ঞান, কৌশল ও দক্ষতা অর্জন করছেন, তা নিজ নিজ প্লাটুনের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিলে বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আরও দক্ষ, সমন্বিত ও প্রস্তুত জননিরাপত্তা কাঠামো গড়ে উঠবে, যা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ভূমিকা রাখবে।
তিনি সদস্যদের সততা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের এ পরিদর্শন ও দিকনির্দেশনা মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জুগিয়েছে।
পরিদর্শনকালে কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































