পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদের বিস্ফোরক অভিযোগ, যা লিখেছেন তিনি?

জালিয়াতির অভিযোগ নিয়ে তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। পদত্যাগপত্রে দায়িত্ব পালনে বাধা, প্রায় এক বছর বেতন না পাওয়া এবং বাংলাদেশে জমি পাওয়ার বিষয়ে ওঠা অভিযোগ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।
সংবাদমাধ্যম রয়টার্সের দেখা পদত্যাগপত্র অনুযায়ী, বুধবার ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র দেন সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার কারণে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তাঁর আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে।
প্রায় এক বছর ধরে বেতন না পাওয়ার কথাও পদত্যাগপত্রে উল্লেখ করেছেন সায়মা ওয়াজেদ। এতে তাঁর আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলে জানান তিনি। এসব পরিস্থিতির কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একটি জমি অবৈধভাবে নেওয়ার অভিযোগও তুলেছে ডব্লিউএইচও। পদত্যাগপত্রে এ অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি পেয়েছিলেন।
শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় ওই জমি পাওয়ার অধিকারী ছিলেন বলেও পদত্যাগপত্রে দাবি করেন সায়মা ওয়াজেদ।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে পরবর্তী সময়ে তাঁকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করার পর বিষয়টি আরও আলোচনায় আসে। গত বছরের জুলাইয়ে তাঁকে প্রথম বেতনবিহীন ছুটিতে পাঠানো হয়েছিল বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে। তদন্ত চলার মধ্যেই আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













